NEET UG 2026 Cancelled
ক্লাউড টিভি ডেস্ক: দেশজুড়ে প্রায় ২২ লক্ষেরও বেশি পরীক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে ফেলে NEET-UG ২০২৬ পরীক্ষা বাতিল করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। প্রশ্নফাঁস এবং পরীক্ষায় অনিয়মের অভিযোগ সামনে আসতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই ঘটনার (NEET UG 2026 Cancelled) তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে কেন্দ্র।
এই ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি। কংগ্রেস নেতা Rahul Gandhi অভিযোগ করেছেন, বিজেপি সরকারের আমলে শিক্ষাব্যবস্থা দুর্নীতি ও প্রশ্নফাঁস চক্রের হাতে পড়েছে। তিনি বলেন, “অমৃত কাল এখন বিষ কালে পরিণত হয়েছে।” কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে, মোদী সরকারের আমলে একের পর এক পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনা ঘটছে এবং “পেপার লিক মাফিয়া”কে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে সরকার।
অন্যদিকে, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী M. K. Stalin NEET ব্যবস্থাকেই “একটি বড় কেলেঙ্কারি” বলে অভিহিত করেছেন। তাঁর দাবি, এই ধরনের পরীক্ষার কারণে লক্ষ লক্ষ পড়ুয়ার উপর মানসিক চাপ তৈরি হচ্ছে এবং মেডিক্যাল ভর্তি ফের উচ্চমাধ্যমিকের নম্বরের ভিত্তিতে হওয়া উচিত। রাজস্থান থেকে একটি তথাকথিত “গেস পেপার” ফাঁসের অভিযোগ সামনে আসে, যা তদন্তকারীদের মতে আসল প্রশ্নপত্রের সঙ্গে মিল ছিল। এরপরই বিতর্ক আরও তীব্র আকার নেয়।
NEET বাতিলের সিদ্ধান্তে দেশজুড়ে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। বহু পরীক্ষার্থী জানিয়েছেন, দীর্ঘদিনের প্রস্তুতির পর আবার নতুন করে পরীক্ষার মুখোমুখি হওয়া মানসিকভাবে অত্যন্ত চাপের।
এনটিএ জানিয়েছে, নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে না এবং পুনরায় পরীক্ষার জন্য অতিরিক্ত কোনও ফি নেওয়া হবে না। খুব শীঘ্রই পুনঃপরীক্ষার দিন ঘোষণা করা হবে।