Arfin Jabi Palk Strait swim
শান্তিপ্রিয় রায়চৌধুরী: নির্বাচনের আবহেই বাংলার সাঁতার প্রেমীরা পেলেন এক সুখবর। পশ্চিম মেদিনীপুরের বর্তমান ‘ইলেকশান আইকন’ বাংলা ও ভারতের গর্ব আরফিন জাবি সামনের মে মাসে শ্রীলংকা ভারতের মাঝামাঝি ভারত মহাসাগরের পক প্রণালী অতিক্রম করতে চলেছেন। মে মাসের ৪ থেকে ১৪ তারিখের যে দিন আবহাওয়া সুবিধাজনক থাকবে সেই দিন চ্যানেল কর্তৃপক্ষ তাঁকে জলে নামার (Arfin Jabi Palk Strait swim) নির্দেশ দেবেন।
পয়লা মে তিনি এই চ্যানেল জয় করার উদ্দেশ্যে নিয়ে বাড়ি থেকে যাত্রা শুরু করবেন। যাবেন চেন্নাইয়ে রামেশ্বরমে। যেখান থেকে তার এই অভিযান শুরু হবে।
উল্লেখ্য গত ২৯ জুলাই ১৩ ঘণ্টা ৪৫ মিনিট সময় নিয়ে ইংলিশ চ্যানেল অতিক্রম করেছিলেন তিনি। এবার ৮ থেকে ১০ ঘণ্টার মধ্যে এই পক প্রনালী অতিক্রম করার টার্গেট রেখেছেন ২৩ বছর বয়সী সাতারু আরফিন জাবি।
ইংলিশ চ্যানেল জয়ী আরফিন এখন দিনরাত মেদিনীপুর সুইমিং পুলে প্রাকটিস করে চলেছেন। আরফিন বলছেন, “জানি এই চ্যানেল অতিক্রম করার কাজটা সহজ হবে না। যাত্রা পথে যেমন রয়েছে প্রবল স্রোত তেমনি তাপমাত্রারও রয়েছে ওঠানামা। তাছাড়া জেলি ফিসের আতঙ্কও আছে। সে সব মোকাবেলা করেই আমাকে এগোতে হবে।”
ইংলিশ চ্যানেল তিনি অতিক্রম করেছিলেন সম্পূর্ণ নিজের খরচে। খরচ হয়েছিল ৩০ লক্ষ টাকা। টাকাটা এসেছিল বাবার বিসনেস থেকে জমানো টাকায়।
এবার অবশ্য তা হচ্ছে না। আরফিনের এই চ্যানেলের খরচ এবার ৬ লক্ষ টাকা। এই টাকাটা সবটাই বহন করবে তারই শহরের মেদিনীপুর আই রোটারি হসপিটাল।