Shibpur TMC Leader Underground Home
ক্লাউড টিভি ডেস্ক: হাওড়ার শিবপুরে এক তৃণমূল নেতার বাড়িতে পুলিশি তল্লাশিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। অভিযুক্ত তৃণমূল নেতা শামিম আহমেদ ওরফে ‘বড়ও ’-র বাড়িতে হানা দিয়ে বিলাসবহুল ফ্ল্যাট, ছাদের উপর ছাগল চাষ এবং বাড়ির ভিতরে সুড়ঙ্গ সদৃশ কাঠামোর খোঁজ (Shibpur TMC Leader Underground Home) পেয়ে হতবাক হয়ে যান তদন্তকারীরা।
ঘটনার সূত্রপাত গত ৭ মে। শিবপুরের চওড়া বস্তিতে বিজেপি সংখ্যালঘু মোর্চার নেতা সিকান্দার খানের বাড়িতে বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ ওঠে। সেই ঘটনায় কয়েকজন গ্রেপ্তার হলেও মূল অভিযুক্ত শামিম আহমেদ এখনও পলাতক বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, শুক্রবার শামিমের শীল বস্তির ফ্ল্যাটে তল্লাশি চালাতে গিয়েই সামনে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। চারতলা আবাসনের তিন ও চারতলা জুড়ে একাধিক বিলাসবহুল ফ্ল্যাটে থাকতেন শামিম। সেখানে দামি আসবাবপত্র, সাজানো বাগান এবং বিশেষভাবে তৈরি ঘর দেখে বিস্মিত হন আধিকারিকরা। পাশাপাশি বাড়ির ভিতরে সুড়ঙ্গের মতো একটি অংশেরও খোঁজ মেলে বলে দাবি।
সবচেয়ে বেশি আলোড়ন ফেলেছে ছাদের দৃশ্য। অভিযোগ, আবাসনের ছাদে একাধিক ছাগল বেঁধে ‘ছাগল চাষ’ চলছিল। ফ্ল্যাটের ছাদে এই ধরনের ব্যবস্থাকে ঘিরে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।
স্থানীয়দের দাবি, শামিম আহমেদের স্ত্রী একসময় হাওড়া পুরসভার কাউন্সিলর ছিলেন। সেই সময় থেকেই বিপুল সম্পত্তি বাড়াতে শুরু করেন শামিম। পরে তৃণমূলের ওয়ার্ড প্রেসিডেন্ট হওয়ার পর তাঁর প্রভাব আরও বাড়ে বলে অভিযোগ।
বিজেপি নেতা সিকান্দার খান অভিযোগ করেছেন, শামিম এলাকায় জমি দখল, তোলাবাজি ও একাধিক অসামাজিক কাজের সঙ্গে জড়িত। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইন, দাঙ্গা এবং এনআইএ-র মামলাও রয়েছে বলে দাবি করা হয়েছে।
এদিকে, সমাজমাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে ওই বাড়ির ভিতরের ভিডিও। সেখানে বিলাসবহুল সাজসজ্জা ও গোপন কাঠামো ঘিরে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলেও।