Rajdhani Express Fire Ratlam
ক্লাউড টিভি ডেস্ক: মধ্যপ্রদেশের রতলামের কাছে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ল রাজধানী এক্সপ্রেসে থাকা শতাধিক যাত্রীর মধ্যে। রবিবার ভোরে তিরুবনন্তপুরম-হজরত নিজামুদ্দিন Rajdhani Express-এর একটি এসি কোচে আগুন লাগে (Rajdhani Express Fire Ratlam)। দ্রুত উদ্ধারকাজ শুরু হওয়ায় বড়সড় প্রাণহানির ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
রেল সূত্রে জানা গিয়েছে, ট্রেন নম্বর ১২৪৩১-এর বি-১ এসি কোচ থেকে প্রথমে ধোঁয়া বের হতে দেখা যায়। ঘটনাটি ঘটে মধ্যপ্রদেশের Ratlam জেলার লুনিরিছা ও বিক্রমগড় আলোট স্টেশনের মাঝামাঝি এলাকায়। ভোর প্রায় ৫টা ১৫ মিনিট নাগাদ পরিস্থিতি নজরে আসতেই গার্ড ও রেলকর্মীরা দ্রুত লোকোপাইলটকে সতর্ক করেন। এরপর জরুরি ভিত্তিতে ট্রেন থামিয়ে যাত্রীদের কোচ থেকে নামিয়ে আনা হয়।
রেলের প্রাথমিক তথ্য অনুযায়ী, আগুন লাগা কোচটিতে প্রায় ৬৮ জন যাত্রী ছিলেন। তাঁদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। আতঙ্কিত যাত্রীদের অনেকেই ঘুমন্ত অবস্থায় ছিলেন। হঠাৎ ধোঁয়া ও চিৎকারে ঘুম ভেঙে যায় তাঁদের। অনেক যাত্রী তড়িঘড়ি লাগেজ ফেলে রেখেই কোচ থেকে বেরিয়ে আসেন।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী, রেল সুরক্ষা বাহিনী এবং স্থানীয় প্রশাসনের আধিকারিকরা। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আগুন লাগার ফলে কোচটির একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে।
প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। যদিও ভারতীয় রেলের তরফে এখনও পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।
এই অগ্নিকাণ্ডের জেরে দিল্লি-মুম্বই রুটে সাময়িকভাবে ট্রেন চলাচলে প্রভাব পড়ে। বেশ কিছু ট্রেনকে অন্য লাইনে ঘুরিয়ে দেওয়া হয় এবং কিছু ট্রেন বিলম্বেও চলে। যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য বিকল্প কোচেরও ব্যবস্থা করা হয় বলে জানিয়েছে রেল।
ভারতীয় রেলের অন্যতম প্রিমিয়াম পরিষেবা হিসেবে পরিচিত রাজধানী এক্সপ্রেসে এই ঘটনা স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়িয়েছে। যাত্রী নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন উঠতে শুরু করেছে। সাম্প্রতিক সময়ে ট্রেনে আগুন লাগা ও প্রযুক্তিগত ত্রুটির একাধিক ঘটনা সামনে আসায় নিরাপত্তা ব্যবস্থার উপর আরও জোর দেওয়ার দাবি উঠছে বিভিন্ন মহল থেকে।