2026 World Cup Ticket Price
ক্লাউড টিভি বাংলা ডেস্ক: ২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে এখনও বাকি বেশ কিছু মাস। কিন্তু টুর্নামেন্ট ঘিরে উত্তেজনার পাশাপাশি এবার বড় বিতর্ক তৈরি হয়েছে টিকিটের মূল্য নিয়ে। বিশ্বকাপ ফাইনালের কিছু টিকিট রিসেল মার্কেটে প্রায় ২০ লাখ ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে ২৩ কোটি টাকায় (2026 World Cup Ticket Price) বিক্রির জন্য তোলা হয়েছে বলে জানা গিয়েছে। আর সেই খবর সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েছেন ফুটবল সমর্থকদের একাংশ।
বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা এই মূল্যবৃদ্ধির জন্য সমালোচনার মুখে পড়লেও, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো প্রকাশ্যে এই মূল্য কাঠামোর পক্ষে সওয়াল করেছেন।
মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রের বেভার্লি হিলসে অনুষ্ঠিত মিলকেন ইনস্টিটিউট গ্লোবাল কনফারেন্সে বক্তব্য রাখতে গিয়ে ইনফান্তিনো বলেন, “রিসেল মার্কেটে কোনো টিকিট ২০ লাখ ডলারে উঠলেই সেটি আসল দাম নয়। কেউ যদি সত্যিই সেই দামে টিকিট কেনে, আমি নিজেই তাকে হট ডগ আর কোক পৌঁছে দেব।”
ইনফান্তিনোর এই মন্তব্য ঘিরেও শুরু হয়েছে নতুন বিতর্ক। অনেকেই মনে করছেন, সাধারণ সমর্থকদের আর্থিক বাস্তবতা থেকে ফিফা ক্রমশ দূরে সরে যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায়ও বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।
এদিকে ইউরোপের বড় সমর্থক সংগঠন Football Supporters Europe (FSE) টিকিটের এই মূল্যকে “অতিরিক্ত” এবং “সমর্থকদের সঙ্গে বিশ্বাসঘাতকতা” বলে আখ্যা দিয়েছে। শুধু তাই নয়, ফিফার বিরুদ্ধে ইউরোপিয়ান কমিশনে আনুষ্ঠানিক অভিযোগও দায়ের করেছে সংগঠনটি।
ফিফার দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের সবচেয়ে দামি অফিসিয়াল টিকিটের মূল্য প্রায় ১১ হাজার ডলার হতে পারে। তুলনায়, ২০২২ কাতার বিশ্বকাপে সর্বোচ্চ মূল্যের টিকিট ছিল প্রায় ১,৬০০ ডলার। অর্থাৎ মাত্র চার বছরের ব্যবধানে টিকিটের দামে বিশাল লাফ দেখা যাচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, এই মূল্যবৃদ্ধির পিছনে অন্যতম কারণ যুক্তরাষ্ট্রের স্পোর্টস মার্কেটের ব্যবসায়িক কাঠামো। কারণ ২০২৬ বিশ্বকাপের আয়োজক দেশগুলির মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। এর মধ্যে যুক্তরাষ্ট্রে টিকিট রিসেল সম্পূর্ণ বৈধ এবং বড় ব্যবসায়িক ক্ষেত্র হিসেবেই বিবেচিত হয়।
ইনফান্তিনোর দাবি, অফিসিয়াল টিকিটের দাম কম রাখা হলে রিসেলাররা আরও বেশি লাভ করত। তাই বাজারের চাহিদা ও বাস্তবতার কথা মাথায় রেখেই এই মূল্য নির্ধারণ করা হয়েছে।
ফিফা আরও জানিয়েছে, ২০২৬ বিশ্বকাপের জন্য ইতিমধ্যেই ৫০ কোটিরও বেশি টিকিট (2026 World Cup Ticket Price) আবেদন জমা পড়েছে। যা আগের দুই বিশ্বকাপের তুলনায় অনেক বেশি। ফলে বিপুল চাহিদাও মূল্যবৃদ্ধির একটি বড় কারণ বলে মনে করছে সংস্থাটি।
২০২৬ বিশ্বকাপ হতে চলেছে ইতিহাসের সবচেয়ে বড় ফুটবল বিশ্বকাপ। প্রথমবার ৪৮টি দল অংশ নেবে এই টুর্নামেন্টে। ফলে ম্যাচের সংখ্যা, দর্শকসংখ্যা এবং বাণিজ্যিক আয়— সব ক্ষেত্রেই নতুন রেকর্ড গড়ার সম্ভাবনা রয়েছে।
তবে এই বিতর্ক নতুন করে প্রশ্ন তুলছে— বিশ্বকাপ কি ধীরে ধীরে সাধারণ ফুটবল সমর্থকদের নাগালের বাইরে চলে যাচ্ছে? আগামী দিনে ফিফা কীভাবে এই ক্ষোভ সামাল দেয়, এখন সেটাই দেখার।